
বিশেষ প্রতিনিধি : প্রতি বছর বর্ষায় শিক্ষার্থীদের একটি করে গাছ রোপণের অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ ২৯ জুন সোমবার দুপুরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বাইরে নীম গাছ লাগিয়ে একযোগে দেশের ২৯ হাজারেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে এই আহ্বান জানান তিনি।
পরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতি বর্ষা মৌসুমে অন্তত একটি করে সবাইকে গাছ লাগাতে হবে।’ পৃথিবীতে যে শিশু আসবে সেই নবাগতকে স্বাগত জানিয়েও গাছ লাগাতে আহবান করেন তিনি।
তিনি বলেন, ‘জীবদ্দশায় প্রতি বছর একটি করে গাছ লাগাতে হবে সবাইকে। বর্তমানে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, আগে বর্ষাকাল লম্বা সময় ধরে থাকলেও সেটা এখন থাকছে না।’
বিএনসিসি তরুণ প্রজন্মের নেতৃত্বের গুনাবলি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনপ্রতিরক্ষায় বিএনসিসির ভূমিকা তাৎপর্যপূর্ণ। জেলা উপজেলা পর্যায়ে বিএনসিসির কার্যক্রম আরও বাড়ানোর লক্ষ্যে সরকার কাজ শুরু করেছে।
পরে শিক্ষার্থীদের স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জোবাইদা রহমান।
