মধ্যপ্রাচ্যে সংঘাত: অবিলম্বে যুদ্ধ বন্ধের তাগিদ চীন ও আসিয়ানের

নয়াবার্তা ডেস্ক : চলমান যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান। সংঘাতের শান্তিপূর্ণ সমাধান ও আলোচনার ওপর জোর দিয়েছেন এই দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। শুক্রবার চীন ও ১১ সদস্যের আসিয়ান জোটের পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘মধ্যপ্রাচ্যের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি এবং এর প্রভাব বেসামরিক নাগরিকদের জীবন ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। একইসঙ্গে এটি আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা এবং বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও খাদ্য নিরাপত্তাসহ অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য বড় ঝুঁকি।’

বুধবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় চীন ও আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। ফিলিপাইন বর্তমানে আসিয়ান জোটের সভাপতির দায়িত্বে রয়েছে। বেইজিংয়ের প্রকাশ করা বিবৃতিতে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে সংলাপ, কূটনীতি এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দেওয়া হয়।

গত মাসে ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষর এবং ৮ এপ্রিলের যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও টানা ১৩ দিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরান পাল্টাপাল্টি সামরিক হামলা চালিয়ে যাচ্ছে। যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে আলোচনার কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি।Geographic Reference

পররাষ্ট্রমন্ত্রীরা সংশ্লিষ্ট পক্ষগুলোকে বহুপাক্ষিকতা, প্রকৃত সংলাপ এবং কূটনীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার আহ্বান জানান। জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের উদ্দেশ্য ও নীতিগুলোর ওপর ভিত্তি করে সংঘাতের শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানের কথা বলা হয় বিবৃতিতে। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরে তারা যুক্তরাষ্ট্র ও ইরানকে যুদ্ধবিরতির শর্তগুলো কঠোরভাবে মেনে চলার তাগিদ দেন।

যুদ্ধরত পক্ষগুলোকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে অবিলম্বে সংঘাত বন্ধের কথা বলা হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘সব দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান জানাতে হবে। সশস্ত্র সংঘাতে বেসামরিক নাগরিক ও অবকাঠামো রক্ষা করতে হবে এবং মানবিক সহায়তার অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।’

এছাড়া হরমুজ প্রণালীতে উত্তেজনার মধ্যে ১৯৮২ সালের সমুদ্র আইন বিষয়ক জাতিসংঘ কনভেনশন অনুযায়ী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য ব্যবহৃত প্রণালীগুলোতে জাহাজের নিরাপদ ও নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

Share