র‌্যাব: আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতা হলে ছাড় নয়

বিশেষ প্রতিবেদক : আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে র‍্যাব। রবিবার (২১ জুন) রাজধানীর মোহাম্মদপুরে র‍্যাব-২ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান র‍্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান।

ছিনতাইকারী গ্রেপ্তারের বিষয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‍্যাব অধিনায়ক বলেন, আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটাতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না। কেউ যদি অস্ত্র নিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মাউরা সোহেল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুই ছিনতাইকারী শফিকুল ইসলাম সবুজ ও রাসেলকে গ্রেপ্তার করা হয়। পরে আরও দুইজনকে গ্রেফতারের কথা জানায় র‍্যাব।

র‍্যাব জানায়, গ্রেপ্তার সোহেলের বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজির ১৪টি মামলা রয়েছে। এছাড়া অন্য দুই আসামির বিরুদ্ধে একটি করে মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে র‍্যাব কর্মকর্তারা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Share