সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী

বরিশাল প্রতিনিধি : সংবাদকর্মী ও গণমাধ্যমের স্বার্থে সরকার গণমাধ্যম কমিশন গঠনের কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহিরউদ্দীন স্বপন। তিনি বলেছেন, খুব শিগগির এ-সংক্রান্ত অ্যাকশন প্ল্যান ও গণমাধ্যম কমিশনের খসড়া অনুমোদনের জন্য সরকারের কাছে হস্তান্তর করা হবে।

‎‎শুক্রবার (৩১ জুলাই) দুপুরে বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

‎‎তথ্যমন্ত্রী বলেন, একবার যদি গণমাধ্যম কমিশন গঠন করতে পারি, তাহলে সৎ সাংবাদিকদের অনুপ্রাণিত করার জন্য সরকারের হাতে একটি শক্তিশালী হাতিয়ার থাকবে। একই সঙ্গে অসৎ সাংবাদিকদের জন্য এটি দুঃসংবাদে পরিণত হবে।

‎‎তিনি আরও বলেন, গণমাধ্যমকে আরও দায়িত্বশীল, জবাবদিহিমূলক ও পেশাদার করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যেই গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

‎‎বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিটিএমএর সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহিন।

‎বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি নিকুঞ্জ বালা পলাশ, সাধারণ সম্পাদক শাহীন হাফিজ, সংবাদপত্র সম্পাদক পরিষদের সভাপতি কাজী মিরাজ, দৈনিক শাহানামা পত্রিকার সম্পাদক কাজী আজাদ, সিনিয়র সাংবাদিক সালেহ টিটু, মর্তুজা জুয়েল, শাহিন হাসান, শাহিন হাফিজ, শেখ শামীম, খন্দকার রাকিব প্রমুখ এসময় বক্তব্য দেন।

‎‎সভায় সাংবাদিক নেতারা গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং গণমাধ্যমের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন‍্য তথ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

Share