সরকারের ইতিবাচক কাজের পাশাপাশি গঠনমূলক সমালোচনাও তুলে ধরুন: প্রধানমন্ত্রী

নয়াবার্তা প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমান, সরকারের ইতিবাচক কাজের পাশাপাশি গঠনমূলক সমালোচনাও তুলে ধরার জন্য সংবাদপত্রের সম্পাদকদের প্রতি আহ্বান জানিয়েছেন। ন্যাশনাল এডিটরস কাউন্সিল-এর নেতাদের সঙ্গে আজ ২৭ জুলাই সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের ভালো উদ্যোগগুলো গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরা হলে সাধারণ মানুষ সেসব কার্যক্রম সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবেন। এ সময় প্রধানমন্ত্রী দেশে স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য যুগোপযোগী নীতিমালা প্রণয়নের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা বাস্তবায়নে সম্পাদকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

বৈঠকে আট সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ও যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর সম্পাদক মারুফ কামাল খান সোহেল, দৈনিক নয়া দিগন্ত-এর সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, যুগান্তর-এর সম্পাদক আবদুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ওয়াদা-এর সম্পাদক শফিকুল আলম এবং মানবকণ্ঠ-এর সম্পাদক শহিদুল ইসলাম।

Share