
নয়াবার্তা প্রতিবেদক : মহেশখালীর এক্সিলারেট এনার্জির টার্মিনালে ‘ওয়েন চেং’ এলএনজিবাহী জাহাজ থেকে ভাসমান এলএনজি টার্মিনালে গ্যাস খালাস শুরু হয়েছে। বিপি সিঙ্গাপুরের কাছ থেকে স্পট ক্রয়ের মাধ্যমে কার্গোটি সংগ্রহ করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টা ৫৪ মিনিটে ‘ওয়েন চেং’ এলএনজিবাহী জাহাজটির প্রথম সংযোগ টার্মিনালের সঙ্গে স্থাপন করা হয়। এরপর জাহাজ থেকে টার্মিনালে এলএনজি স্থানান্তরের কার্যক্রম শুরু হয়।
গত সেপ্টেম্বরেও বিভিন্ন উৎস থেকে একাধিক এলএনজি কার্গো দেশে এসেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের গানভোর, ইন্দোনেশিয়া থেকে টোটালএনার্জির মাধ্যমে এবং অস্ট্রেলিয়া থেকে আরামকো সিঙ্গাপুরের মাধ্যমে স্পট মার্কেট থেকে কেনা হয়েছিল।
পেট্রোবাংলার তথ্য অনুসারে, অক্টোবর ও নভেম্বর মাসে দেশে মোট ১৯ কার্গো এলএনজি আমদানি নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে অক্টোবরে ১০টি এবং নভেম্বরে ৯টি কার্গো আসার কথা রয়েছে। এসব কার্গো যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, অ্যাঙ্গোলাসহ বিভিন্ন দেশ থেকে কেনা হয়েছে।
