
নয়াবার্তা প্রতিবেদক : দীর্ঘ দুই বছর বিরতির পর বাংলাদেশের সাধারণ ভ্রমণকারীদের জন্য পুনরায় ভারতীয় পর্যটন ভিসা প্রদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামী রবিবার থেকে এই ভিসার জন্য নতুন আবেদন গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পরবর্তী সময় থেকে বন্ধ থাকা এই সেবা চালুর ফলে দুই দেশের মধ্যে যাতায়াত ও পর্যটন খাতে পুনরায় গতি ফিরবে বলে আশা করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর যমুনায় ভারতীয় ভিসা সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
এদিন, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পরিচয় পত্র পেশ করেন নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। পরে তিনি যমুনায় ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন হাইকমিশনার।
তিনি বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা ট্যুরিস্ট ভিসার জন্য স্বাভাবিক ভিসা আবেদন কার্যক্রম পুনরায় শুরু করছি, যা আগামী ২৮ জুন, রোববার থেকে জমা দেওয়া যাবে। মানবিক বিবেচনায় জরুরি ক্ষেত্রে মেডিকেল ভিসার সুবিধা আমরা অব্যাহত রাখব।’
তিনি জানান, বর্তমানে দেশের ১৬টি সেন্টারের মধ্যে মাত্র পাঁচটিতে সীমিত আকারে ভিসা ইস্যু করা হচ্ছে। ভিসা সেবা স্বাভাবিক করতে এই পাঁচটি কেন্দ্রকে বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। এর পাশাপাশি মানবিক কারণে জরুরি চিকিৎসা বা মেডিক্যাল ভিসার কার্যক্রম আরও দ্রুত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে দেশের পাঁচটি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভ্যাক) মাধ্যমে এসব আবেদন জমা নেওয়া হবে। কেন্দ্রগুলো হলো ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনা। ভবিষ্যতে দেশের অন্যান্য শহরের আইভ্যাকগুলো থেকেও পর্যটন ভিসা প্রদানের কার্যক্রম পর্যায়ক্রমে শুরু করার পরিকল্পনা রয়েছে।
