
নয়াবার্তা প্রতিবেদক : জুলাই অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী শেখ হাসিনার দিল্লি থেকে দেশে ফিরে আসার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আজ ২৯ জুন সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
চিফ প্রসিকিউটর বলেন, দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণা রাজনৈতিক স্ট্যান্টবাজি। সত্যিই যদি সাহস থাকে, তাহলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করুন।
তিনি জানান, জুলাই হত্যাযজ্ঞ সংক্রান্ত ১০টি মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে। বর্তমানে সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।
মো. আমিনুল ইসলাম বলেন, এসব মামলায় সাবেক মন্ত্রী শাহজাহান খান, আমির হোসেন আমু, বিচারপতি মানিক, কামাল আহমেদ মজুমদারসহ অনেক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নাম আসামি হিসেবে রয়েছে।
এর আগে রোববার ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে শেখ হাসিনা এ বছরই দেশে ফেরার কথা বলেছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ থেকে বিশেষ হেলিকপ্টারে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সে দেশেই রয়েছেন তিনি।
