ডেঙ্গু-হামের জোড়া আঘাতে একদিনে ১৬ মৃত্যু

হাসপাতালে ভর্তি ৩ হাজার ৩৮৯ জন

নয়াবার্তা প্রতিবেদক : ডেঙ্গু ও হামের জোড়া আঘাতে উদ্বেগজনক পরিস্থিতির মুখে দেশের জনস্বাস্থ্য। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯৬ জন। পাশাপাশি হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু এবং ১ হাজার ৩৯৩ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অর্থাৎ এক দিনেই দুই রোগে প্রাণ গেছে ১৬ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৩৮৯ জন।
গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পৃথক বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ৬ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ হাজার ৩৫৬ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৮৪ হাজার ২৯৯ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশালে ২০৪, চট্টগ্রামে ২৫২, ঢাকার বাইরের ঢাকা বিভাগে ৪৮০, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৯৪, ঢাকা দক্ষিণে ১৮৭, খুলনায় ৩০২, ময়মনসিংহে ৯৬, রাজশাহীতে ১৯৯, রংপুরে ৭৫ এবং সিলেটে ১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডেঙ্গুর বিস্তার যে রাজধানীর গণ্ডি পেরিয়েছে, দৈনিক ভর্তি রোগীর হিসাবেই তার স্পষ্ট চিত্র মিলছে। বিশেষ করে ঢাকা বিভাগের বাইরে এবং খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও রাজশাহী অঞ্চলে আক্রান্তের চাপ উল্লেখযোগ্য।
গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। মৃত্যু হয় ৪১৩ জনের। চলতি বছর এখনো বছর শেষ না হলেও আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে ৯০ হাজার ছাড়িয়েছে।
হামেও মৃত্যুর মিছিল : ডেঙ্গুর পাশাপাশি হামের পরিস্থিতিও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে দুজন করে মারা গেছেন।
একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৯৩ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ৫৬৮, চট্টগ্রামে ২৭৩, সিলেটে ১৬৪, বরিশালে ১২৩, খুলনায় ১১১, ময়মনসিংহে ৮৫, রংপুরে ৪২ এবং রাজশাহীতে ২৭ জন রয়েছেন।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৫১৬ জন। চিকিৎসা নিয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ২৯০ জন। এ সময় সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৯ হাজার ১৩ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২১ হাজার ৯১০ জনের।
চলতি বছর নিশ্চিত হামে মারা গেছেন ১০২ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৩২ জনের। সব মিলিয়ে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৩৪ জনে।
একই সময়ে ডেঙ্গু ও হামের রোগীর চাপ হাসপাতালগুলোর ওপর বাড়তি বোঝা তৈরি করছে। ডেঙ্গুর ক্ষেত্রে মশার প্রজনন নিয়ন্ত্রণের পাশাপাশি দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসা এবং হামের ক্ষেত্রে টিকাদান ও সংক্রমণ নিয়ন্ত্রণ জোরদার না হলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।

Share