শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল

নয়াবার্তা ডেস্ক: বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন এবং তার প্রত্যর্পণের বিষয়টিকে কারিগরি ও আইনি বিষয় হিসেবে উল্লেখ করেছে ভারত। একই সঙ্গে এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে নয়াদিল্লি।

আজ মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করলেও বাংলাদেশ তা প্রত্যাখ্যান করেছে বলে খবরে উঠে এসেছে। এ ছাড়া দুই দেশের মধ্যে সম্ভাব্য কনস্যুলার পরিষেবাসংক্রান্ত বৈঠকে বিষয়টি আলোচনার সুযোগ রয়েছে কি না, তা-ও জানতে চান ওই সাংবাদিক। জবাবে জয়সওয়াল বলেন, ‘এটি একটি আইনি বিষয় এবং সে অনুযায়ী এর সমাধান করা হবে।’

এর আগে বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন শেখ হাসিনা।

গতকাল সোমবার দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন তার আইনজীবীরা। তার এই আবেদনকে বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা ওই চিঠির বরাতে এসব তথ্য জানা গেছে।

সপ্তাহিক এই ব্রিফিংয়ে শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি আবেদনের বিষয়ে জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, ‘স্বাভাবিকভাবেই, মানুষের ভ্রমণের জন্য ভ্রমণসংক্রান্ত নথিপত্র প্রয়োজন। আমি যতটুকু বুঝি, বিষয়টিও সে রকম। তবে এটি কারিগরি বিষয়।’

তবে একজন বাংলাদেশি নাগরিক হিসেবে নিজ দেশে ফিরতে চাইলে এ ক্ষেত্রে ভারত ও বাংলাদেশের সঙ্গে আলোচনা বা সমঝোতায় কোনো ভূমিকা রাখতে পারে কি না—জানতে চাইলে জয়সওয়াল বলেন, ‘প্রশ্নটি মূলত বাংলাদেশ হাইকমিশনের কাছে করা উচিত। এ বিষয়ে তাদের রাজনৈতিক অবস্থান কী—তা জানানোর জন্য তারাই সবচেয়ে উপযুক্ত কর্তৃপক্ষ।’

এ ছাড়া শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ নিয়ে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে সর্বশেষ আলোচনার বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, ‘এ প্রসঙ্গে আমি আগেও বলেছি। আবারও বলছি, এটি একটি আইনি বিষয় এবং সে অনুযায়ী এর সমাধান করা হবে।’

প্রসঙ্গত, ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে তার দীর্ঘ শাসনের অবসান ঘটে। অন্তর্বর্তী সরকারের পর বিএনপি সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে কয়েকদফায় আনুষ্ঠানিক চিঠিও পাঠিয়েছে। এবার আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি। তবে হাসিনার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় তার দেশে ফেরার বিষয়টি নতুন রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরি করতে পারে।

Share