
ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে কাজল বলেন, “খুব তাড়াতাড়ি বিয়ের পরিকল্পনা করছি আমি।” কিন্তু পাত্র কে? শোনা যাচ্ছে এক ব্যবসায়ীর গলায় মালা দিতে চলেছেন দক্ষিণের এই অভিনেত্রী। কিন্তু সৌভাগ্যবানের নাম তিনি জানাননি।
সম্প্রতি একটি জনপ্রিয় চ্যাট-শোয়ে গিয়েছিলেন কাজল আগরওয়াল। সেখানে সঞ্চালক লক্ষ্মী মাঞ্চুর সঙ্গে কথা বলতে গিয়ে বিয়ের কথা জানান অভিনেত্রী। কথায় কথায় অভিনেত্রীকে তার সম্পর্ক আর বয়ফ্রেন্ডের কথা জিজ্ঞাসা করা হয়। তখনই কাজল জানান, আর বেশি দেরি নেই। খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। স্বাভাবিকভাবেই এর পরেই প্রশ্ন আসে, কে সেই ভাগ্যবান যুবক? কাজলের মতো অভিনেত্রীর স্বামী হওয়া তো আর সহজ কথা নয়! যদিও এই প্রশ্নের উত্তরে হবু বরকে নিয়ে মুখে রা কাড়েননি কাজল। তবে বলেছেন, তার স্বামীকে পজেসিভ হতে হবে। তিনি যেন কাজলের খেয়াল রাখেন। কিন্তু নাম একবারের জন্যও উচ্চারণ করেননি অভিনেত্রী।

বর্তমানে কাজল আগরওয়াল ‘ইন্ডিয়ান ২’ ছবির কাজে ব্যস্ত। ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন কমল হাসান। ছবিটি পরিচালনা করছেন শংকর। ছবির জন্য কাজলকে নাকি ‘ভার্মা কলাই’ শিখতে হয়েছে। এটি কেরল ও তামিলনাড়ুর একটি মার্শাল আর্ট। পরের বছর এপ্রিল মাসে মুক্তি পাবে ‘ইন্ডিয়ান ২’।
