
বিনোদন ডেস্ক : দুই সপ্তাহ ধরে দাম্পত্য ভাঙনের গুঞ্জনের পর অবশেষে বিচ্ছেদের কথা স্বীকার করেছেন বলিউড অভিনেত্রী মৌনী রায় এবং তার স্বামী সুরজ নাম্বিয়ার। যৌথ বিবৃতিতে চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানার কথা জানিয়েছেন তারা।
বিচ্ছেদ ঘোষণার মধ্যেই নতুন করে ভাইরাল হয়েছে মৌনী রায়ের একটি পুরনো সাক্ষাৎকার, যেখানে তিনি প্রেম-বিয়ে নিয়ে নিজের আবেগঘন ভাবনার কথা জানিয়েছিলেন।
সহ-অভিনেতা নবীন কস্তুরিয়ার সঙ্গে আলাপকালে মৌনী বলেন, ‘আমি ১৯ বছর বয়সেই বিয়ের জন্য পাগল হয়ে গিয়েছিলাম। মনে হতো, একজন সঠিক মানুষ পাশে থাকলে জীবনে নিরাপত্তা ও ভিন্ন অনুভূতি আসে।’
তিনি জানান, বাস্তবে সেই সঠিক মানুষ খুঁজে পাওয়া মোটেও সহজ নয়। তার অনেক বন্ধু এখনও অবিবাহিত তাদের অভিজ্ঞতা দেখে তিনি বুঝেছিলেন, সম্পর্কের ক্ষেত্রে সময় ও ধৈর্য খুব গুরুত্বপূর্ণ।
অভিনেত্রীর কথায়, ‘সঠিক মানুষকে খুঁজে পেতে প্রায় আড়াই থেকে তিন বছর অপেক্ষা করতে হয়েছিল। যখন মানুষ খোঁজা বন্ধ করে দেয়, তখনই হয়তো জীবনের সঠিক মানুষ এসে যায়।’
সম্প্রতি বিচ্ছেদ নিয়ে যৌথ বিবৃতিতে মৌনী রায় ও সুরজ নাম্বিয়ার জানিয়েছেন, পারস্পরিক সম্মান বজায় রেখেই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে সংবাদমাধ্যম ও জনসাধারণের কাছে তাঁদের অনুরোধ, এই কঠিন সময়ে যেন তাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানানো হয়।
প্রসঙ্গত, ২০১৮ সালে দুবাইয়ে প্রথম দেখা হয়েছিল মৌনি রায় এবং ব্যবসায়ী সুরজ নাম্বিয়ার। নিজেদের সংস্কৃতিকে সম্মান জানাতে ২০২২ সালের ২৭ জানুয়ারি গোয়ায় ঐতিহ্যবাহী মালায়ালি ও বাঙালি রীতিতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। চলতি মাসে তাদের বিবাহবিচ্ছেদ নিয়ে গুঞ্জন শুরু হয়।
মৌনিকে শেষবার ‘দ্য ভূতনি’ ধারাবাহিকে দেখা গিয়েছিল এবং শিগগিরই তিনি ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’ ও ‘দ্য ওয়াইভস’ ধারাবাহিকে অভিনয় করবেন। সূত্র: দ্য ওয়াল
