
নয়াবার্তা প্রতিবেদক : সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রস্তাবিত গ্রেডভিত্তিক বেতন তালিকা প্রকাশ্যে এসেছে। ২০টি গ্রেডের খসড়া বেতন কাঠামো নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে অর্থ মন্ত্রণালয়-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে চলতি জুলাই মাসের মাঝামাঝি কিংবা শেষ সপ্তাহে নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ হতে পারে।
প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেলের খসড়া অনুযায়ী প্রথম বা সর্বোচ্চ গ্রেডের মূল বেতন ধরা হয়েছে এক লাখ ৬০ হাজার টাকা। দ্বিতীয় থেকে পঞ্চম গ্রেড পর্যন্ত মূল বেতন যথাক্রমে এক লাখ ৩২ হাজার, এক লাখ ১৩ হাজার, এক লাখ এবং ৮৬ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া ষষ্ঠ থেকে দশম গ্রেডের মূল বেতন যথাক্রমে ৭১ হাজার, ৫৮ হাজার, ৪৭ হাজার ২০০, ৪৫ হাজার ১০০ এবং ৩২ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। ১১তম থেকে ১৫তম গ্রেড পর্যন্ত মূল বেতন প্রস্তাব করা হয়েছে যথাক্রমে ২৫ হাজার, ২৪ হাজার ৩০০, ২৪ হাজার, ২৩ হাজার ৫০০ এবং ২২ হাজার ৮০০ টাকা।
খসড়া অনুযায়ী ১৬তম গ্রেডে ২১ হাজার ৯০০, ১৭তম গ্রেডে ২১ হাজার ৪০০, ১৮তম গ্রেডে ২১ হাজার, ১৯তম গ্রেডে ২০ হাজার ৫০০ এবং ২০তম গ্রেডে ২০ হাজার টাকা মূল বেতন নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নতুন পে-স্কেল একবারে নয়, ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে। প্রথম ধাপে শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন (বেসিক) বাড়ানো হবে। পরে পর্যায়ক্রমে অন্যান্য ভাতা ও সুবিধা কার্যকর করা হবে।
সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর জানান, নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি চলছে। তবে কোন গ্রেডে কত টাকা বা কত শতাংশ বেতন বাড়বে, সে বিষয়ে চূড়ান্ত গেজেট প্রকাশের আগে মন্তব্য করা সম্ভব নয়। বর্তমানে সংশ্লিষ্ট দপ্তরগুলো খসড়া প্রস্তাব পর্যালোচনা ও চূড়ান্ত করার কাজ করছে।
এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী নতুন পে-স্কেল চালুর ঘোষণা দেন। তিনি জানান, দীর্ঘ প্রায় ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রকাশিত এই বেতন তালিকা এখনো প্রস্তাবিত খসড়ার অংশ। চূড়ান্ত গেজেট প্রকাশের পরই নতুন পে-স্কেলের আনুষ্ঠানিক বেতন কাঠামো কার্যকর হবে। তবে গেজেট কিছুটা দেরিতে প্রকাশ হলেও এর কার্যকারিতা ১ জুলাই থেকে গণনা করা হতে পারে। সে ক্ষেত্রে সরকারি চাকরিজীবীরা বর্ধিত বেতনের পাশাপাশি বকেয়া অর্থও পাবেন।
