বাঁশবাগানে পড়ে ছিল আ. লীগ নেতার গলা কাটা মরদেহ

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় আব্দুল শুকুর (৪৮) নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় এক নেতার গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আতাইকুলা থানার ওসি মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত আব্দুল শুকুর রতনপুর গ্রামের রুকুম আলীর ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভুলবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শাখার সহসভাপতি ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৭ জুলাই) রাত ৯টার দিকে রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন আব্দুল শুকুর।

এরপর আর বাড়ি ফেরেননি তিনি। শনিবার সকালে পরিবারের পক্ষ থেকে বিষয়টি আতাইকুলা থানায় জানানো হলে পুলিশ অনুসন্ধানে নামে। পরে শনিবার বিকেলে রতনপুর এলাকার আজিজের বাড়ির পাশের একটি বাঁশবাগান থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে আতাইকুলা থানার ওসি মজিবুর রহমান জানান, নিখোঁজের খবর পেয়ে পুলিশ অভিযানে নামে এবং একপর্যায়ে তার মরদেহ উদ্ধার হয়। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share