সংসদের তৃতীয় অধিবেশন চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

সরকারি ছুটির দিন এবং ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর ছাড়া প্রতিদিন বিকাল ৩টায় অধিবেশন শুরু হবে। প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিরোধীদলের উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বৈঠকে অংশ নেন।

স্পিকারের বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশ নেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যক্রম সম্পন্ন করতে সময় বরাদ্দ ও অধিবেশনের স্থায়িত্ব নিয়ে আলোচনা হয়। আগামী এক বছরের সম্ভাব্য অধিবেশনগুলোর দিন ও সম্ভাব্য সময়কাল নিয়েও আলোচনা করা হয়।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৪২টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ২ হাজার ৬৭৬টি প্রশ্নসহ মোট ২ হাজার ৮১৮টি প্রশ্ন পাওয়া গেছে। এছাড়া বিধি-৭১-এর আওতায় মনোযোগ আকর্ষণের ৮১টি নোটিশ এবং বিধি-১৩১-এর আওতায় সিদ্ধান্ত-প্রস্তাবের ২৪৯টি নোটিস পাওয়া গেছে।

বৈঠকে সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়াসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share