সাকিব আল হাসান ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, তবে দেশে ফিরলে নিরাপত্তা পাবেন: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিশেষ প্রতিবেদক : ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, সাকিব আল হাসান দেশে ফিরলে নিরাপত্তার সঙ্গে তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগ মোকাবিলা করতে করতে পারবেন।

আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের অগ্রগতি জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এ কথা বলেন।

সাকিব আল হাসান প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, ‘ভালো খেলোয়াড় হতে পারেন। উনি একজন নষ্ট-পচে যাওয়া মানুষ, যে মানুষ হাসিনার সঙ্গে অ্যালাইন হন এবং এখনো অ্যালাইন থাকেন।’

সংবাদ সম্মেলনে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকেও পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে বলে জানান জাহেদ উর রহমান।

তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ডিসেম্বর মাসে দেশে ফেরার কথা বলেছেন। তিনি দেশে ফিরলে তাঁকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে এবং সব ধরনের অধিকার নিশ্চিত করে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা হবে। এরপর আদালত যে সিদ্ধান্ত দেবেন, তা সবাইকে মেনে নিতে হবে।

জাহেদ উর রহমান আরও বলেন, ‘আমরা হাসিনার মতো একটা মাফিয়া রেজিম এই দেশে আর দেখতে চাই না। এটা ভবিষ্যতেও হতে দেব না, কোনো ফ্যাসিস্ট মাফিয়া রেজিম না। এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র।’

সাকিব আল হাসান বা শেখ হাসিনা—যিনিই হোন না কেন, সবচেয়ে গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিরও নাগরিক ও সাংবিধানিক অধিকারগুলো নিশ্চিত করা হবে বলেও মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।

Share