সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী গ্রামে বজ্রপাতে মোছাঃ সাহানারা বেগম (৩৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের জাকের মোল্লার কন্যা।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আজ বুধবার (২৭ মে) সকালে আবহাওয়া বৈরী থাকার সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় সাহানারা বেগম বাড়ির পাশে জরুরি প্রয়োজনে বের হলে আকস্মিক বজ্রপাতের কবলে পড়েন। বজ্রপাতে তিনি গুরুতর আহত হলে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করেন, কিন্তু দুর্ভাগ্যবশত ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। এলাকাবাসী ও প্রতিবেশীরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এদিকে, চলমান বৈরী আবহাওয়ায় স্থানীয় প্রশাসন ও সচেতন মহল সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বজ্রপাতের সময় খোলা জায়গা, ফসলের মাঠ কিংবা বড় গাছের নিচে অবস্থান না করে নিরাপদ আশ্রয়ে থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

Share