
নয়াবার্তা রিপোর্ট : দেশীয় শিল্প-কারখানা ও কর্মশক্তিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে আগামী অর্থবছরের জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর মধ্যে রয়েছে পরিবেশবান্ধব আধুনিক শিল্পনগরী ও শিল্পপার্ক প্রতিষ্ঠা, চতুর্থ শিল্পবিপ্লবের (4IR) চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ তৈরি, কারিগরি প্রশিক্ষণ প্রদান এবং বিদ্যমান পুরোনো কারখানাগুলোর আধুনিকায়ন।
আজ ২২ জুন সোমবার জাতীয় সংসদে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলামের এক লিখিত প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব পরিকল্পনার কথা তুলে ধরেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। প্রশ্নোত্তরটি টেবিলে উত্থাপিত হয়।
সংসদে দেওয়া শিল্পমন্ত্রীর তথ্যানুযায়ী, বিভিন্ন করপোরেশনের অধীনে সরকারের নেওয়া উদ্যোগগুলো নিচে তুলে ধরা হলো:
বিসিকের ৫টি নতুন শিল্পনগরী ও পার্ক
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) মাধ্যমে বেসরকারি শিল্প উদ্যোক্তাদের জন্য পরিবেশবান্ধব আধুনিক শিল্পনগরী গড়ে তোলা হচ্ছে।
বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে পাঁচটি শিল্পনগরী ও শিল্পপার্ক প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে-টাঙ্গাইলে বিসিক শিল্প পার্ক (৪৯ দশমিক ৩৫ একর), মুন্সীগঞ্জে বিসিক প্লাস্টিক শিল্পনগরী (৯৫ দশমিক ২৪ একর), বিসিক মুদ্রণ শিল্পনগরী (১০০ একর), বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক (৩০৮ দশমিক ৩৩ একর) এবং ঠাকুরগাঁওয়ে বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী (৫০ একর)।
এ ছাড়া দেশে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টিতে বগুড়া, যশোর, নরসিংদী, কক্সবাজার, নড়াইল, ঝিনাইদহ ও নীলফামারীতে আরও আটটি প্রকল্প চলমান রয়েছে। পাশাপাশি উদ্যোক্তাদের প্রশিক্ষণ, প্লট বরাদ্দ, ঋণ সহায়তা, কারিগরি পরামর্শ ও কর মওকুফের সুপারিশসহ নানা ধরনের সহায়তা দিয়ে আসছে বিসিক।
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বিসিআইসি
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীনস্থ কারখানাগুলোর কর্মশক্তিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে চতুর্থ শিল্পবিপ্লবের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলা হচ্ছে। এর অঙ্গপ্রতিষ্ঠান টিআইসিআইয়ের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের নিয়মিত আধুনিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
এ ছাড়া ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া লিংকেজ’ বাস্তবায়নের অংশ হিসেবে দেশের প্রায় ৩০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কারিগরি ও প্রকৌশল শিক্ষার্থীদের শিল্প-প্রশিক্ষণ দিচ্ছে টিআইসিআই।
চিনি, ইস্পাত ও প্রকৌশল শিল্পে আধুনিকায়ন
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) অধীন নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডকে বহুমুখী উৎপাদনক্ষম ও পরিবেশবান্ধব কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠানে রূপান্তর এবং চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ডিস্টিলারিকে আধুনিকায়নের লক্ষ্যে পৃথক দুটি সম্ভাব্যতা সমীক্ষা চলমান রয়েছে। সমীক্ষা শেষে প্রকল্প গ্রহণ করা হবে।
অন্যদিকে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) অধীন বিদ্যমান কারখানাগুলোর মধ্যে চারটি প্রকল্প ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। ন্যাশনাল টিউবস লিমিটেড, প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইস্টার্ন কেবলস লিমিটেড এবং গাজী ওয়্যারস লিমিটেডের আধুনিকায়ন ও নতুন প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে এর মধ্যে।
৬ হাজার ৪৫০ জনকে প্রশিক্ষণ দেবে বিটাক
বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) দক্ষ জনবল তৈরিতে বিশেষ উদ্যোগ নিয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে বিভিন্ন প্রকল্পের আওতায় মোট ৬ হাজার ৪৫০ জনকে কারিগরি প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে ‘সেপা (SEPA) ফেজ-২’-এর আওতায় ৩ হাজার ৫০ জন এবং ‘4IR’ সংশ্লিষ্ট ট্রেডে ১ হাজার ১০০ জন প্রশিক্ষণার্থী রয়েছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, প্রশিক্ষণ শেষে এই জনবলের ৬০ শতাংশের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিটাক।
