গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন, বিজিবি সদস্য আহত

নয়াবার্তা প্রতিবেদক: গাজীপুরে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য ও গণমাধ্যমকর্মীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ ও বিজিবি। একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের তিনটি গাড়িতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে।

সোমবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। বেলা ১১টার দিকে সড়ক থেকে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ বেধে যায়। আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে এক বিজিবি সদস্য গুরুতর আহত হন।

পরে দুপুর ১২টার দিকে মহানগরীর নাওজোর এলাকায় পুলিশের যানবাহনে আগুন দেয় আন্দোলনকারীরা। ওই সময় সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা সময় টেলিভিশনের প্রতিবেদক ও ক্যামেরাপারসনের ওপর হামলা চালিয়ে ক্যামেরা ভাঙচুর করা হয়। এছাড়া এসএ টেলিভিশনের একজন ক্যামেরাপারসন পায়ে আঘাত পেয়ে আহত হন।

অশান্ত পরিস্থিতির কারণে গাজীপুর শিল্পাঞ্চলের অন্তত দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি, জেলা ও মহানগর পুলিশের সঙ্গে শিল্প পুলিশ সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।

Share