
নয়াবার্তা প্রতিবেদক : এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নাম, লোগো ও কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে ভুয়া ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের প্রতারণা থেকে সতর্ক থাকতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। সোমবার (২০ জুলাই) এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এডিবি কখনোই কোনো ব্যক্তিকে সরাসরি ঋণ, অনুদান, তহবিল বা অন্য কোনো ধরনের আর্থিক সহায়তা দেয় না। একইভাবে, আর্থিক সহায়তার বিনিময়ে কোনো ব্যক্তির ব্যক্তিগত আর্থিক তথ্যও চাওয়া হয় না।
এডিবি জানায়, সম্প্রতি একটি প্রতারক চক্র এডিবি ও এর কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে নকল ওয়েবসাইট, ভুয়া ফেসবুক পেজ, জাল পরিচয়পত্রসহ বিভিন্ন প্রতারণামূলক উপকরণ তৈরি করছে।
এসবের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে এ ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে এডিবির কোনো সম্পর্ক বা সম্পৃক্ততা নেই। এ অবস্থায় জনসাধারণকে ভুয়া ঋণের প্রস্তাব সম্পর্কে সতর্ক থাকার এবং এ ধরনের যোগাযোগে কোনো সাড়া না দেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। একই সঙ্গে এডিবির ঋণ বা আর্থিক সহায়তার নামে কেউ যোগাযোগ করলে বিষয়টি সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার হিসেবে এডিবি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ায় বাংলাদেশ সরকার এবং বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাজ করে। ফলে এডিবির প্রতিনিধি পরিচয়ে ব্যক্তি পর্যায়ে ঋণ বা আর্থিক সহায়তার কোনো প্রস্তাব দেওয়া হলে সেটিকে প্রতারণা হিসেবে বিবেচনা করতে হবে।
এডিবির নাম, কর্মকর্তাদের পরিচয় বা অফিসের ঠিকানা ব্যবহার করে পরিচালিত প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত তথ্য এবং এ ধরনের প্রতারণা এড়িয়ে চলার পরামর্শ সংস্থাটির সতর্কবার্তায় পাওয়া যাবে বলেও জানানো হয়েছে।
১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহিষ্ণু প্রবৃদ্ধি এগিয়ে নিতে কাজ করা একটি শীর্ষস্থানীয় বহুপক্ষীয় উন্নয়ন প্রতিষ্ঠান। বর্তমানে সংস্থাটির সদস্য দেশ ৬৯টি, যার মধ্যে ৫০টি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের।
