কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে আকস্মিক টর্নেডোর আঘাতে পর্যটকদের অর্ধশতাধিক ছাতা ও বসার চেয়ার দুমড়েমুচড়ে গেছে। সমুদ্র থেকে উঠে আসা এই ঘূর্ণিবাতাসে সৈকত এলাকায় অবস্থানরত মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শুক্রবার বিকেল পৌনে তিনটার দিকে এই প্রাকৃতিক দুর্যোগটি আঘাত হানে। প্রত্যক্ষদর্শীদের মতে, টর্নেডোটি প্রায় তিন থেকে পাঁচ মিনিট স্থায়ী ছিল। এ সময় নিরাপত্তার খোঁজে পর্যটকদের দিগ্বিদিক ছোটাছুটি করতে দেখা যায়।

টর্নেডোর প্রভাবে সৈকতে থাকা ৫২টি কাঠের চেয়ার এবং ৬১টি ছাতা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় ব্যবসায়ী সমিতি। কক্সবাজার কিটকট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মাহবুবুর রহমান জানান, বালুচরের দিকে এগিয়ে আসার সময় বাতাসটি প্রবল শক্তি সঞ্চয় করে।

আকস্মিক এই ঘটনায় কোনো পর্যটক বা স্থানীয় বাসিন্দা হতাহত হননি। ঝড়ের সময় অনেক পর্যটক নিরাপদ দূরত্বে অবস্থান নিয়ে মুঠোফোনে এই প্রাকৃতিক ঘটনার দৃশ্য ধারণ করেন।

Share