
নয়াবার্তা প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনে (দুদক) সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দীনসহ ৩৮ জনের বিরুদ্ধে ঋণের নামে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করেছে ইসলামী ব্যাংক পিএলসি। আজ সোমবার (১০ আগস্ট) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ২৯ জুলাই ইসলামি ব্যাংকের পক্ষে অভিযোগ দায়ের করেন ব্যাংকটির ফাস্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসীন আলি।
অভিযোগপত্রে বলা হয়, সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড ও গ্যালাক্সি সোয়েটার্স এর নামে বেনামে ভুয়া প্রতিষ্ঠানে ঋণ দেখিয়ে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচার করা হয়। যার পেছনে ছিলেন নামসর্বস্ব এসব প্রতিষ্ঠানের বেশ কয়েকজন কর্মকর্তা, এস আলম ও ব্যাংকটির পরিচালনা পরিষদের সদস্যসহ মোট ৩৮ জন।
৩৮ জনের মধ্যে পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে ২৮ নম্বরে রয়েছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বিষয়টি দুদককে তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে ইসলামি ব্যাংক।
অভিযোগে আরও বলা হয়, তৎকালীন পরিচালনা পর্ষদের সদস্য মো. সাহাবুদ্দিন এবং ব্যাংকের সাবেক তিন ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলা, আব্দুল হামিদ মিয়া ও মাহবুব উল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা ওই ঋণ অনুমোদনের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। তারা অনৈতিকভাবে ঋণ অনুমোদন করে আর্থিকভাবে লাভবান হয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া অ্যাননটেক্স গ্রুপের ইউনুস বাদলের সহযোগী প্রতিষ্ঠান ‘সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড’-এর অনুকূলে অবৈধভাবে ঋণ বরাদ্দ পাইয়ে দিতে ব্যবসায়ী এস আলম ভূমিকা রেখেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ইসলামী ব্যাংকের পক্ষ থেকে দুদকে দেওয়া অভিযোগে আরও বলা হয়েছে, চারটি নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ঘটনার তদন্ত করা হয়েছে। তদন্তে ঋণ অনুমোদন ও অর্থ উত্তোলনের ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি পাওয়া গেছে।
