
মাগুরা প্রতিনিধি : আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে হামলা ও ইটপাটকেল ছুড়ে মারা হয়েছে। বুধবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। সাকিবের বাড়ি মাগুরা শহরের কেশব মোড় এলাকায়।
বুধবার সন্ধ্যায় ভারতের দিল্লিতে এক অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য দেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে শ্রীলঙ্কা থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়েছিলেন সাকিব আল হাসান। এরপর মাগুরায় তাঁর বাড়িতে হামলার ঘটনা ঘটে। কারা এ হামলা চালিয়েছে, সে সম্পর্কে পুলিশ তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি।
হামলার বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, বাড়ির জানালার কয়েকটি কাচ ভেঙে গেছে। এতে কেউ হতাহত হননি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, বাড়ির লোহার গেটের ওপর পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়েছিল। তবে পেট্রলবোমা হামলার আলামত পাওয়া যায়নি।
রাত সাড়ে ১০টার দিকে কেশব মোড় হয়ে সাকিবের বাড়ির কাছে গিয়ে দেখা যায়, কয়েকজন পুলিশ সদস্য দাঁড়িয়ে আছেন। এর একটু দূরে পুলিশের দুটি টহল ভ্যান দাঁড়িয়ে ছিল। ঘটনাস্থলে থাকা পুলিশের কোনো সদস্যই হামলার বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।
এদিকে হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে বিস্ফোরণের শব্দ শোনা যায়। জানা গেছে, বাড়িতে সাকিবের একজন নিকটাত্মীয় থাকেন। তিনি অসুস্থ। সাকিবের একজন নিকটাত্মীয় মুঠোফোনে বলেন, হামলায় বাড়ির কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে বোঝা যাচ্ছে না।
সাকিব আল হাসান ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা–১ আসন থেকে সংসদ সদস্য হন। জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের একটি মামলায় আসামিদের তালিকায় সাকিবের নাম আছে । ২০২৪ সালের ২৩ আগস্ট ঢাকার আদাবর থানায় এই হত্যা মামলা হয়। মামলায় মোট আসামি ১৫৬ জন। আসামিদের তালিকার ২৮ নম্বরে সাকিবের নাম আছে।
